Press "Enter" to skip to content

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলাকে অভিনন্দন জানালেন লাতিন আমেরিকার নেতারা



লাতিন আমেরিকার নেতারা

ব্রাসিলিয়া,২৬ অক্টোবর-ব্রাজিলের রাজনীতিতে গত প্রায় চার দশকে যা কেউ কখনো দেখেনি, সেটাই করে দেখিয়েছেন ৮০ বছর বয়সী বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। প্রথম দফার ভোটে কিছুটা পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর ফিলিস্তিনপন্থী এই রাজনীতিবিদ।

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা আবারও এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাচ্ছেন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “গণতন্ত্র দীর্ঘজীবী হোক! ব্রাজিলের জনগণ জয়ী হয়েছে। অভিনন্দন, প্রেসিডেন্ট লুলা।”

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল লুলার জয়কে ‘ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেছেন। লুলাকে উদ্দেশ করে তিনি বলেছেন, “আপনার নেতৃত্বে ব্রাজিলের জনগণ যে শান্তি, সার্বভৌমত্ব ও সামাজিক ন্যায়বিচারের পথে যাত্রা শুরু করেছে, এই জয় তার ধারাবাহিকতা নিশ্চিত করেছে।”

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা লুলাকে অভিনন্দন জানিয়ে এক্সে লিখেছেন, “এই মহান গণতান্ত্রিক যাত্রার জন্য আমি ব্রাজিলের জনগণকে স্যালুট জানাই।”

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাস বলেছেন, “বলিভিয়া ও ব্রাজিল প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ। অভিন্ন ইতিহাস ও সাধারণ চ্যালেঞ্জগুলো আমাদের ঐক্যবদ্ধ করেছে। আমাদের সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে আমরা একসঙ্গে কাজ করে যাব।”

উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি লুলাকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে বলেছেন, “বন্ধুকে এই জয়ের জন্য এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উৎসব পালিত হয়েছে, তার জন্য অভিনন্দন।”

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন, “এই গণতান্ত্রিক দিনটির জন্য আমি ব্রাজিলের জনগণকে এবং বিশেষ করে প্রেসিডেন্ট লুলাকে তাঁর জয়ের জন্য অভিনন্দন জানাই।”

জনমত জরিপ, আগের নির্বাচনের নজির এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে মানুষের মধ্যে থাকা মনোভাবকে ভুল প্রমাণ করে চমকপ্রদ জয় পেয়েছেন ব্রাজিলের বামপন্থী নেতা লুলা। তাঁর এই জয় লাতিন আমেরিকাজুড়ে চলতে থাকা ডানপন্থীদের নির্বাচনী জয়ের ধারাকে থামিয়ে দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টার পরপরই লুলাকে বিজয়ী ঘোষণা করে ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন। চতুর্থ মেয়াদে তাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দেখতে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোটার। অন্যদিকে, বলসোনারো পেয়েছেন ৪৮.২৫ শতাংশ ভোট। তাঁর ভোটের সংখ্যা ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি।

এস এম/ ২৬ অক্টোবর ২০২৬

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.