
কলম্বো,২৬ অক্টোবর-শ্রীলঙ্কা তাদের উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় থাকা বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে ৪০ জন ইরানি নাবিককে উদ্ধারের কার্যক্রম সমন্বয় করেছে এবং তাঁদের ইরানে ফিরে যেতে সহায়তা করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো জানান, নাবিকদের উদ্ধারের জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানি দূতাবাস থেকে তাঁদের কাছে একটি অনুরোধ এসেছিল। ওই নাবিকেরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, এমন জরুরি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।
রয়টার্স জানিয়েছে, কেন নাবিকদের উদ্ধার করা হয়েছিল, সে বিষয়ে মন্ত্রণালয়টি বিস্তারিত আর কিছু জানায়নি।
তবে স্থানীয় ও ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাবিকেরা এমন কিছু জাহাজে ছিলেন, যেগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাঙ্কার।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানি জাহাজ চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।
মুখপাত্র তুষারা জানান, ১৯টি জাহাজ থেকে এসব নাবিককে উদ্ধার করে গল বন্দরে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। পরে রোববার ভোররাতে তাঁদের ইরানে পাঠানো হয়।
উদ্ধারের বিষয়টি সরাসরি জানেন, এমন শ্রীলঙ্কা সরকারের একজন সূত্র রয়টার্সকে জানিয়েছেন, মানবিক কার্যক্রমে শ্রীলঙ্কার নৌবাহিনী ও কোস্টগার্ড সাধারণত সহায়তা করে থাকে।
চলতি বছরের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের একটি ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। এতে জাহাজটির ১৩৬ জন নাবিকের মধ্যে শতাধিক প্রাণ হারান।
ওই সময় মানবিক কারণে জাহাজটির ৩২ জন জীবিত নাবিককে উদ্ধার করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী ও কোস্টগার্ড। মার্চের মাঝামাঝি সময়ে নিহত নাবিকদের মধ্যে অন্তত ৮০ জনের মরদেহ ভারত মহাসাগর থেকে উদ্ধারের পর উড়োজাহাজে করে দেশে পাঠায় শ্রীলঙ্কা। চিকিৎসা দেওয়ার পর জীবিত ৩২ নাবিককে আরেকটি জাহাজ থেকে উদ্ধার করা ২০৮ জন নাবিকসহ এপ্রিলে ইরানে ফেরত পাঠানো হয়।
এস এম/ ২৬ অক্টোবর ২০২৬










Be First to Comment