Press "Enter" to skip to content

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১ হাজার ৪০০ জনের বেশি

গাজায় ইসরায়েলি হামলা

গাজা,২৪ অক্টোবর- ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বছরেরও বেশি সময় আগে ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

শনিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, একের পর এক হামলার পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটও দিন দিন আরও গভীর হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বর্তমানে অঞ্চলটির প্রায় ২০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় প্রয়োজন। গাজার কোনো হাসপাতালেই পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু নেই। এ ছাড়া প্রায় ১৪ লাখ মানুষ তীব্র খাদ্যসংকট বা সংকটজনক পর্যায়ের ক্ষুধার চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন।

এ পরিস্থিতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি জোর দিয়ে বলেছে, ‘ইসরায়েলি অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টিকে গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যেতে দেওয়া যাবে না।’

অ্যামনেস্টি স্পষ্টভাবে জানিয়েছে, গাজার ভবিষ্যৎ পুনর্গঠন অবশ্যই আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মৌলিক অধিকারের ভিত্তিতে করতে হবে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতারও কঠোর সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, বিশ্বনেতারা ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক সিদ্ধান্ত ও আদেশ মেনে চলার জন্যও তারা ইসরায়েলের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারেননি।

মানবাধিকার সংস্থাটি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত নীরবতা ও দায়মুক্তির সুযোগ নিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর আরও নৃশংসতা চালাতে উৎসাহ পাচ্ছে।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.