Press "Enter" to skip to content

আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে গুগলকে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৩ অক্টোবর- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, একটি মহাসাগরের নাম নিজের নামে রাখার বিষয়ে তিনি গুগলের সঙ্গে কথা বলেছিলেন। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ, মহাসাগরগুলোর সীমানা একাধিক দেশের সঙ্গে যুক্ত।

বুধবার দক্ষিণ ক্যারোলিনায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প সমর্থকদের জানান, তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার পরামর্শ দিয়েছিলেন। তবে তাঁকে জানানো হয়, একাধিক দেশের সীমানাজুড়ে বিস্তৃত হওয়ায় মহাসাগরের নাম পরিবর্তন করা সম্ভব নয়।

ট্রাম্প জানান, গুগল তাদের ম্যাপে মার্কিন ব্যবহারকারীদের জন্য ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার পর তিনি সুন্দর পিচাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলাম। আমি গুগল ম্যাপস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। তারা ওই লেক বা জলাশয়ের বিষয়টি খুব সুন্দরভাবে সামলেছে, সত্যিই দারুণ করেছে। আর আমি অসাধারণ মেধাবী একজন মানুষ সুন্দর-এর সঙ্গে কথা বলেছি, যিনি পুরো গুগল পরিচালনা করেন। তিনি অত্যন্ত মেধাবী মানুষ। সার্জেই ও সুন্দর—দুজনই পুরোপুরি অসাধারণ মেধাবী।’

এরপর ট্রাম্প বর্ণনা করেন, তিনি পিচাইকে আরেকটি ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করা গুগলের পক্ষে সম্ভব কি না, তা জানতে চেয়েছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি বললাম, সুন্দর, আমি আটলান্টিক মহাসাগরের কথা ভাবছি। তোমরা কি এটা করতে পারবে?’

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, পিচাই তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

হাসতে হাসতে ট্রাম্প বলেন, ‘পিচাই বললেন, না, না, না স্যার, এবার আমি এটা করছি না। মহাসাগরের বিষয়গুলো আলাদা স্যার। এগুলো অনেক দেশের সীমানা ছুঁয়ে গেছে। দয়া করে আমাদের এমনটা করতে বলবেন না।’

ট্রাম্প বলেন, তিনি সম্ভবত এই প্রস্তাব বাদ দেবেন। এরপর উপস্থিত জনতাকে তিনি প্রশ্ন করেন, আটলান্টিক মহাসাগরের বর্তমান নামই রাখা উচিত কি না। তিনি বলেন, ‘তাই আমি হয়তো এটা বাদই দেব। আমার কি বাদ দেওয়া উচিত? আমার মনে হয়, আটলান্টিক মহাসাগর নামটিই রেখে দেওয়া যাক, ঠিক না?’

তবে ট্রাম্প ও সুন্দর পিচাইয়ের মধ্যে এমন কোনো কথোপকথন সত্যিই হয়েছিল কি না, তা গুগল প্রকাশ্যে নিশ্চিত করেনি।

এস এম/ ২৩ অক্টোবর ২০২৬

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.