
প্যারিস,২৩ অক্টোবর- আগামী ২৪ অক্টোবর দেশজুড়ে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জঁ-দিদিয়ে বার্জার বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কর্তৃপক্ষ বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি অনুযায়ী যেকোনো জনসমাগম, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া ইভেন্ট নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার কোনো কিছুই বাদ দিচ্ছে না বলেও তিনি সতর্ক করেছেন।
তিনি আরও জানান, আগামী শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের সংখ্যা ১৭ অক্টোবরের তুলনায় ২০ শতাংশ বেশি থাকবে। এ জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। যেসব কর্মীর ছুটিতে যাওয়ার কথা ছিল, তাদেরও কাজে ফিরতে বলা হয়েছে এবং তাদের ছুটি আর বহাল থাকছে না। এ ছাড়া এই বিশেষ নিরাপত্তা অভিযানে অপারেশন সেন্তিনেল, জিআইজিএন ও রেইডের মতো অভিজাত বাহিনীগুলোও দায়িত্ব পালন করবে।
এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ঘোষণা করেন, ইউনিয়নগুলোর মাধ্যমে সংগঠিত নয়—এমন সব বিক্ষোভ আগামী কয়েক দিন, বিশেষ করে ২৪ অক্টোবর যতটা সম্ভব নিষিদ্ধ করা হবে। প্রিফেক্টরা ইউনিয়নগুলোর আবেদন যাচাই করে শহরের কেন্দ্রস্থল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প পথের প্রস্তাব দেবেন। সরকারি মুখপাত্র মড ব্রেজিওন জানিয়েছেন, ইউনিয়নের বাইরে আয়োজিত বিক্ষোভ নিষিদ্ধ করার বিষয়ে প্রতিটি ঘটনার পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্যারিস পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত প্লেস দ্য লা রিপাবলিক ও লে হালে এলাকার আশপাশে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ ঘোষণা করেছে। পাশাপাশি শনিবার ল্যুভর, ওরসে ও পিকাসো মিউজিয়াম বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ সিজিটি ইউনিয়নের প্রস্তাবিত পথ অনুযায়ী বাস্তিল থেকে নেশন পর্যন্ত প্যারিসে মিছিলের অনুমতি দিয়েছে। অন্যদিকে, ইয়েলো ভেস্টস আন্দোলনের পক্ষ থেকে বাস্তিল থেকে অপেরা পর্যন্ত মিছিলের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এ কারণে আন্দোলনটির কর্মীরা সিজিটি ইউনিয়নের মিছিলে যোগ দেবেন। শনিবার অলিয়ঁস, মধ্য তুলোঁ এবং লিলের কিছু এলাকায় বিক্ষোভ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মধ্য তুলোঁতে শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত অপ্রাপ্তবয়স্কদের একা চলাচলের ওপর কারফিউ কার্যকর থাকবে।
ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, গত শনিবার থেকে এ পর্যন্ত দুই হাজার সাতশ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ২১৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি প্রসিকিউটরদের বিক্ষোভ নিষিদ্ধ করা, সাময়িকভাবে নাগরিক অধিকার কেড়ে নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার মতো অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবেন।
কর্তৃপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের নিজেদের প্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে এবং নজরদারি ব্যবস্থা পরীক্ষা করার আহ্বান জানিয়েছে। প্যারিস পুলিশ প্রয়োজন অনুযায়ী উপযুক্ত স্থানে কুকুরসহ বিশেষ নিরাপত্তা দল এবং বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগেরও সুপারিশ করেছে।
গত ১৭ অক্টোবর জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইয়েলো ভেস্ট আন্দোলন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশজুড়ে বিক্ষোভ হয়। ওই সময় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এর ফলে একাধিক শহরে স্থানীয়ভাবে কারফিউ জারি করতে হয়েছিল। আগামী শনিবারও নতুন করে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ইউনিয়নগুলো আগামী ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভ দিবস পালনের ডাক দিয়েছে।
এস এম/ ২৩ অক্টোবর ২০২৬









Be First to Comment