Press "Enter" to skip to content

ওমান উপসাগর ও ভারত মহাসাগরে ইরান-রাশিয়ার যৌথ নৌমহড়া

ওমান উপসাগর, ১৮ ফেব্রুয়ারি – ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে বৃহস্পতিবার যৌথ নৌমহড়া আয়োজন করতে যাচ্ছে ইরান ও রাশিয়া। ইরানের নৌবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন হাসান মাকসুদলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসলামিক রিপাবলিক অব ইরান নেভি এবং রুশ ফেডারেশন নেভির এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য হলো সমুদ্রভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং সমন্বিত অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নে সমন্বয় জোরদার করা।

ইরানি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র বাহিনীর অন্যান্য মহড়ার পাশাপাশি এই আয়োজন দুই দেশের ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর নজরদারির গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে এটি সামুদ্রিক সহযোগিতা জোরদার, একতরফা পদক্ষেপের বিরোধিতা এবং আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। রাশিয়ার নৌবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন আলেক্সেই সেরগেইভ জানিয়েছেন, তারা যেকোনো অঞ্চলে যৌথ মহড়া আয়োজন করতে প্রস্তুত। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত সোমবার হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ শীর্ষক সামরিক মহড়া শুরু করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

এর একদিন পরেই ওমানের মধ্যস্থতায় জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে ৬ ফেব্রুয়ারি মাসকাটে ওমানের আয়োজনে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হয়।

এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.