Press "Enter" to skip to content

যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে: ইরান



পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান হোজ্জাতুল ইসলাম মুসা আহমাদি

তেহরান,২৬ অক্টোবর-বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান হোজ্জাতুল ইসলাম মুসা আহমাদি বলেছেন, ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলে এবং বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটলে দাম আরও বেড়ে যেতে পারে।

ইরান তেলের বাজারে দীর্ঘমেয়াদি চাপ বজায় রাখতে চায় বলে জানিয়েছেন আহমাদি। তাঁর মতে, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্র ও তেল আমদানির ওপর নির্ভরশীল দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে পড়বে।

রোববার (২৫ অক্টোবর) ইরানের স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আহমাদি বলেন, ইতোমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ছাড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুতও কমছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রসহ তেল আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।

তাঁর মতে, তেলের দাম বাড়লে এর প্রভাব শুধু জ্বালানি খাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি সামগ্রিক জ্বালানি খরচও বেড়ে যাবে। এর ফলে তেল আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোতে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হতে পারে।

আহমাদি বলেন, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা এবং দেশের ভোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে আরও বেশি চাপের মুখে পড়তে হবে। সংকট যত দীর্ঘস্থায়ী হবে, এর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতি সামাল দেওয়াও তত কঠিন হয়ে উঠবে।

ইরান তেলের বাজারে দীর্ঘমেয়াদি চাপ বজায় রাখতে চায় বলেও জানান আহমাদি। তাঁর মতে, জ্বালানি খাতে ইরানের কৌশলগত অবস্থান এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষাসক্ষমতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেলের দাম কমতে না দিলে জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হতে পারে বলেও দাবি করেন তিনি। এতে ওয়াশিংটনের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয় বাড়বে।

এ ছাড়া ফ্রান্স, পর্তুগাল, আলবেনিয়া ও ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশের জ্বালানিসংক্রান্ত চ্যালেঞ্জের কথা তুলে ধরেন আহমাদি। তিনি সতর্ক করে বলেন, তেল সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতা আরও চাপে পড়তে পারে।

এস এম/ ২৬ অক্টোবর ২০২৬

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.