Press "Enter" to skip to content

চাঁদে ঘাঁটি গড়তে চায় চীন!

চাঁদের মাটিতেই এবার একটি ঘাঁটি গড়ে তুলতে চায় চীন। সেই লক্ষ্যে পৌঁছতে তাদের সময় লাগবে পাঁচ বছর। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির উচ্চাভিলাষী এই পরিকল্পনা চলতি দশকের মধ্যেই শুরু হতে পারে।

চাঁদে অবকাঠামো তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্প্রতি চীনের উহান শহরে আয়োজিত এক সম্মেলনে শতাধিক চীনা বিজ্ঞানী, গবেষক ও দেশটির মহাকাশ সংস্থার প্রতিনিধি উপস্থিতি ছিলেন। খবর বিজনেস ইনসাইডারের।

চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ ডিং লাইয়ুন বলেন, গবেষকদের একটি দল ‘চাইনিজ সুপারম্যাসন্স’ নামের একটি রোবট তৈরি করছে। রোবটটি চাঁদের মাটি ব্যবহার করে ইট তৈরি করতে পারবে। দেশটির দৈনিক চ্যাংজিয়াং পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞ ডিং বলেন, চাঁদে কী আছে, তা দীর্ঘ মেয়াদে খতিয়ে দেখার জন্য সেখানে বসতি স্থাপন করা প্রয়োজন। ভবিষ্যতে অবশ্যই আমরা তা বুঝতে পারবো। স্বল্প সময়ে এটা অর্জন করা কঠিন।

২০২৮ সালের দিকে চেঞ্জ-৮ নামের একটি চন্দ্র মিশন পরিচালনা করবে চীন। ওই মিশনে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির রোবটটি পাঠানো হবে। এর আগে ২০২৫ সালে চাঁদের মেরু অঞ্চল থেকে মাটির নমুনা সংগ্রহ করবে দেশটি। ২০২০ সালে চেঞ্জ-৫ মিশনে চাঁদ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহ করে দেশটি।

চীনের গবেষকেরা চাইছেন, চাঁদে গবেষণা স্টেশন বা কোনো বসতি তৈরি করা গেলে সেখানে দীর্ঘ সময় নভোচারীদের রেখে দেয়া হবে। গত সপ্তাহে বিশেষজ্ঞ ডিংসহ ১২ জনের বেশি বিশেষজ্ঞ উহানের হোয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আয়োজিত এক্সট্রাটেরিস্ট্রিয়াল কনস্ট্রাকশন কনফারেন্সে অংশগ্রহণ করেন।

ডি- এইচএ

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.