Press "Enter" to skip to content

ক্রিপ্টোকারেন্সির ফাঁদে ৭০ লাখ হারালেন যুবক

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নির নামে রমরমা প্রতারণা চলছে। জানা গেছে, বাড়িতে বসেই ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করে প্রচুর টাকা রোজগারের টোপ দিচ্ছে কয়েকটি দেশীয় চক্র। সেই ফাঁদেই পা দিয়ে টাকা খুইয়েছেন কলকাতার কয়েকজন যুবক।

এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে লালবাজারের সাইবার থানা রাহুল ভার্মা নামে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গত মার্চে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসার অভিযোগ করেন উত্তর কলকাতার সিঁথির এক বাসিন্দা। তাকে টেলিগ্রামে তৈরি হওয়া একটি ওয়েব পোর্টালের মাধ্যমে টাকা লগ্নি করতে বলা হয়েছিলো। খবর টেলিগ্রাফের।

গ্রেপ্তার হওয়া ওই যুবক পুলিশের কাছে জবানবন্দীতে জানায়, সে গত বছরের জানুয়ারিতে একটি ক্রিপ্টো অ্যাকাউন্ট খোলে। একাধিক সোশ্যাল মিডিয়ায় ক্রিপ্টোকারেন্সির কেনাবেচা নিয়ে বিজ্ঞাপনও দেয়। লগ্নির কয়েক গুণ টাকা ফেরত পাওয়ার টোপ দেয় সে। তাতে কয়েকজন সাড়াও দেন। ক্রিপ্টোকারেন্সিতে অল্প টাকা লগ্নি করতে শুরু করেন তারা।

প্রথমদিকে অভিযুক্ত লগ্নির থেকে অনেক বেশি টাকাই ফেরত দিতে থাকে। তাতে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয় অনেকের। তারা ক্রমে বেশি টাকা লগ্নি করতে শুরু করেন। অভিযুক্তরই একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে থাকেন। কিন্তু বেশি পরিমাণ টাকা পাঠানো শুরু করতেই টাকা ফেরত দেয়া বন্ধ করে দেয় সে।

এভাবে অভিযোগকারীর ৬৯ লাখ ৮৩ হাজার ৩৫৪ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। তদন্ত করে গোয়েন্দারা উত্তর পূর্ব দিল্লির পূর্ব বাবরপুরে রাহুলের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে কলকাতায় নিয়ে এসে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডি- এইচএ

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.