Press "Enter" to skip to content

চুয়েটের ইউআরপি বিভাগে ৩৬ দিন পর ক্লাস শুরু, উপস্থিতি কম



চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগ

চট্রগ্রাম,২৮ অক্টোবর-বিদায়ী উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান অচলাবস্থার ৩৬তম দিনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে আজ বুধবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।

তবে আজ ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বিভাগের ২০২১, ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হলেও অধিকাংশ শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে ফেরেননি।

বুধবার সকাল ৯টা থেকে বিভাগটির বিভিন্ন বর্ষের ক্লাস শুরু হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, তিনটি ব্যাচেরই ক্লাস হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এর মধ্যে ২০২১ ও ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি বেশি ছিল।

তিনি আরও জানান, অধিকাংশ শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে ফেরেননি। তাঁদের অনেকে আগামীকাল বৃহস্পতিবারের দিকে আসতে পারেন বলে আশা করা হচ্ছে।

এর আগে বিদায়ী উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গত রোববার রাতে এক বিবৃতিতে বুধবার থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভা থেকেও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিনের অচলাবস্থার পর ইউআরপি বিভাগে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় স্বাভাবিক একাডেমিক কার্যক্রম পুরোপুরি ফিরতে আরও সময় লাগতে পারে।

এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে রোববার শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে ক্লাসে ফেরার পরিবেশ তৈরিতে তাঁদের সহযোগিতা চান শিক্ষার্থীরা।

তবে ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আন্দোলন থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

চিঠিতে শিক্ষার্থীরা আরও জানান, নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁরা আবারও কঠোর আন্দোলনে যাবেন। ন্যায্য দাবি আদায়ে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন বলেও উল্লেখ করেন।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তাঁরা সংঘাত বা অচলাবস্থা চান না। বরং পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের দাবি আদায় করতে চান। তাই একাডেমিক কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ ও দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.