Press "Enter" to skip to content

গুলিস্তান-সদরঘাট সড়কে বসতে পারবে না হকার, ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ



গুলিস্তান-সদরঘাট সড়ক

ঢাকা,২৮ অক্টোবর-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখা এবং দখলমুক্ত করার কাজ চলছে। হকারদের বসার জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাঁরা শুধু এসব নির্ধারিত স্থানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে। কোনোভাবেই মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না।

বুধবার গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযান দুপুর ১টা পর্যন্ত চলে।

ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটের পাশের ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএসসিসি। সংস্থাটির চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পর উচ্ছেদ করা মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

হকারদের সতর্ক করার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার জন্য বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও হকাররা আবার সেখানে বসে পড়ছেন। এ কারণে এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দ করার পাশাপাশি প্রয়োজনে গ্রেফতারও করা হবে।

তিনি জানান, অবৈধ দখল উচ্ছেদ ও রাস্তা-ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.