
কুমিল্লা,২৮ অক্টোবর-কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী শিশু মুনিয়া ও ৮০ বছর বয়সী মো. বিল্লাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
দগ্ধ অন্য তিনজন হলেন ইয়াসমিন (৩০), অটোরিকশাচালক আলম (৪০) ও আয়েশা বেগম (৬০)। তাঁদের সবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে কচুয়া থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনেরা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে পৌঁছালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অটোরিকশাটি পুড়ে যায় এবং পাঁচজন দগ্ধ হন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এস এম/ ২৮ অক্টোবর ২০২৬










Be First to Comment