
ঢাকা, ২৩ এপ্রিল – এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর মিরপুর ১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধার খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন।
এ সময় ডা. শফিকুর রহমান কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়া পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের স্বস্তির কথা মাথায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। কেন্দ্র পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের বিশ্রামের জন্য তৈরি করা অস্থায়ী ছাউনি এবং সুপেয় পানির ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। সেখানে উপস্থিত অভিভাবকদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। সুন্দর পরিবেশ ও সেবামূলক উদ্যোগের জন্য অভিভাবকরাও ডা. শফিকুর রহমানসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬












Be First to Comment