
ঢাকা, ২৩ এপ্রিল – রাজশাহী বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে খুলনা বিভাগের ১০ জেলাসহ দেশের মোট ২৭টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সংস্থাটি জানিয়েছে, রাজশাহী জেলার ওপর দিয়ে বর্তমানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও চলমান তাপপ্রবাহ বজায় থাকবে। তবে শনিবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দেখা মিলতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামী রবিবার ও সোমবার দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তরপূর্বাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এর ফলে তাপমাত্রা আরও কমে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এনএন/ ২৩ এপ্রিল ২০২৬












Be First to Comment