
ঢাকা, ২১ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জুলাই বিপ্লবের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রোকেয়া বেগম বলেন যে তিনি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা।
জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আজ তিনি এই অবস্থানে দাঁড়িয়েছেন উল্লেখ করে তিনি বলেন যে প্রায় চৌদ্দশত শহীদ পরিবার ও ২০ হাজার আহত ব্যক্তির পক্ষ থেকে তিনি সংসদে প্রতিনিধিত্ব করবেন। জাবির গত ৫ আগস্ট রাজধানীর উত্তরার পশ্চিম মোল্লারটেক এলাকায় পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
জামায়াত জোটের চূড়ান্ত তালিকায় ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন। মনোনীত অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান এবং মাহবুবা হাকিম। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১১ দলীয় ঐক্য ৭৭টি আসনে জয়ী হওয়ায় তারা ১৩টি সংরক্ষিত আসন পেয়েছে। অন্যদিকে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬












Be First to Comment