
ঢাকা, ২০ এপ্রিল – ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার আশকোনা হজ অফিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হজ কর্তৃপক্ষের তথ্যমতে, যাত্রীদের ভোগান্তি কমাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে আশকোনা হজ ক্যাম্প হজযাত্রীদের উপস্থিতিতে মুখরিত রয়েছে এবং এখান থেকেই বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৬৬০টি বেসরকারি হজ এজেন্সি অংশ নিচ্ছে। যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত মোট ৩২টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৬৭ জন এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। হজ অফিস জানিয়েছে, এখনো ৬৫ হাজার ৩৯৫ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় বিমান বাংলাদেশ ১০০টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাই নাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। আগামী ২১ মে হজ ফ্লাইটের সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬












Be First to Comment