Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোসলেহ্ উদ্দিন আহমদ – GBTnews Bangla Press "Enter" to skip to content

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোসলেহ্ উদ্দিন আহমদ

ঢাকা, ২৫ মার্চ – বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ্ উদ্দিন আহমদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার রাজধানীতে অবস্থিত সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক বরণ ও বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পদে যোগ দেন।

একই অনুষ্ঠানে সদ্যবিদায়ি সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, সিআইডির অর্জিত সুনাম ও মর্যাদা ধরে রাখতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না, বরং প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল ভিত্তি। তাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতার লক্ষণ। বিদায়ি সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ তার বক্তব্যে বলেন, সিআইডি শুধু একটি সংস্থা নয়, এটি একটি পরিবার। এখানকার সব সদস্য আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে দলগতভাবে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।

তিনি জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিআইডির কার্যক্রমে গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী সময়ে মানিলন্ডারিং ও আর্থিক দুর্নীতির মতো জটিল ও সংবেদনশীল মামলাগুলো সফলভাবে মোকাবিলা করে একটি সুসংগঠিত অবস্থানে আনা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সংযুক্ত হন। উল্লেখ্য, মোসলেহ্ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পেশাদারি, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন।

সিআইডি প্রধান হিসেবে যোগদানের পূর্বে তিনি পুলিশ সদরদপ্তরে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মাঠপর্যায়ের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

এ এম/ ২৫ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.