
নয়াদিল্লি, ২৩ এপ্রিল – বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানকার নদীগুলোতে কুমির ও বিষধর সাপ ছেড়ে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই অদ্ভুত প্রস্তাব নিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের কর্মকর্তাদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিএসএফের সাবেক মহাপরিচালক প্রকাশ সিং এই প্রস্তাবকে একটি নির্বোধ আইডিয়া হিসেবে অভিহিত করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে, এমন পদক্ষেপ সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলবে। তিনি আরও প্রশ্ন তোলেন যে, কুমির বা সাপ কীভাবে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে পার্থক্য করবে।
জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার কারণে অনুপ্রবেশ ঘটে বলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রায়ই অভিযোগ করে থাকে। সেই প্রেক্ষাপট থেকেই অনুপ্রবেশ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি প্রস্তাব সামনে এনেছে।
বিএসএফের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, এই প্রস্তাবটি কীভাবে কার্যকর করা যায় তার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তবে বাহিনীটির অনেক কর্মকর্তা এই বিষধর প্রাণী ছাড়ার বিরোধিতাও করছেন। বিশেষ করে বন্যার সময় এই প্রাণীগুলো লোকালয়ে চলে আসতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার এলাকা অত্যন্ত দুর্গম ও নদীবেষ্টিত। এই এলাকাগুলোতেই প্রস্তাবটি বাস্তবায়নের কথা ভাবছে দিল্লি। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনএন/ ২৩ এপ্রিল ২০২৬












Be First to Comment