Press "Enter" to skip to content

সেনেগালে ডাকার আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর তুলে ধরলেন শামা ওবায়েদ



ঢাকা, ২১ এপ্রিল – সেনেগালের রাজধানী ডাকারে আয়োজিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা সম্মেলনের একটি উচ্চ পর্যায়ের প্যানেলে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের নতুন যাত্রার তথ্য তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় সোমবার সম্মেলনের উচ্চ পর্যায়ের প্যানেলে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার ওপর ভিত্তি করে একটি বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের ও অনন্য অবদানের কথা উল্লেখ করেন। তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ও সেনেগালের সম্পর্ক প্রসঙ্গে তিনি আফ্রিকান দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সেনেগালকে পুনরায় ধন্যবাদ জানান। একইসঙ্গে দেশ দুটির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল ও সুদৃঢ় করার আহ্বান জানান।

১৯৮১ সালের মার্চ মাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনেগাল সফরের কথা স্মরণ করে তিনি বলেন, ওই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। নারী উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন।

ডিজিটাল অপতথ্য ও অনলাইন হয়রানির ঝুঁকি, বিশেষ করে নারীদের লক্ষ্য করে সংঘটিত হয়রানির বিষয়টি তুলে ধরে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ডিজিটাল সার্বভৌমত্ব শক্তিশালী করতে একটি বৈশ্বিক প্লাটফর্ম গঠনের প্রস্তাব দেন শামা ওবায়েদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অভিজ্ঞতা ভাগাভাগির আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন।

বহুপক্ষীয় কূটনীতির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের প্রার্থিতার প্রতি সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা করেন তিনি। ফোরামের ফাঁকে প্রতিমন্ত্রী জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ওনিশি ইয়োহেই এবং পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আনা ইসাবেল জাভিয়ারের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সংস্কৃতি ও ক্রীড়া খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া তিনি ওমান, চাদ ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গেও সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সেনেগালের রাষ্ট্রপতি বাসিরু দিয়োমায়ে দিয়াখার ফায়ে দুই দিনব্যাপী এই ফোরামের উদ্বোধন করেন। চার দিনের সফর শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.