
ঢাকা,১৯ অক্টোবর-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
শামা ওবায়েদ বলেন, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ অভিযুক্তদের আটক করে। এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। রায়ের কপি হাতে পাওয়ার পর তাদের পরিচয় এবং দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে তাদের তালিকা বাংলাদেশকে পাঠায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকাও খতিয়ে দেখছে। তিনি বলেন, আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধা বেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এর সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।
এস এম/ ১৯ অক্টোবর ২০২৬









Be First to Comment