
দুবাই, ২০ এপ্রিল – মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সোমবার থেকে দেশটিতে সশরীরে পাঠদান শুরু হয়েছে। এর ফলে শিক্ষা আঙ্গনে পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
ভোর থেকেই বিভিন্ন স্কুলের সামনে সন্তানদের পৌঁছে দিতে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ বিরতির পর রাস্তায় আবারও হলুদ রঙের স্কুল বাসের চলাচল শুরু হয়েছে, যা শহরের সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়িয়ে দিয়েছে। হাসিখুশি মুখে কাঁধে ব্যাগ নিয়ে শিক্ষার্থীদের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি বা কেএইচডিএর পরিদর্শন ও অনুমোদনের পর অধিকাংশ স্কুল সশরীরে ক্লাস চালু করেছে। ভিড় এড়াতে অনেক প্রতিষ্ঠান ধাপে ধাপে শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা রেখেছে। তবে কিছু স্কুলে এখনও অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর আগে ঝুঁকি মূল্যায়ন, আইনি নির্দেশনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার মতো নিরাপত্তা পদ্ধতি চালু রয়েছে। প্রতিটি স্কুলে নির্ধারিত নিরাপদ এলাকা ও সমাবেশ পয়েন্টে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হাইব্রিড বা রোটেশনাল পদ্ধতিতে পাঠদান চালিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে।
শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রেও কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। যাতায়াতকালীন কোনো সতর্কবার্তা জারি হলে অভিভাবকদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্কুল চলাকালীন বা ছুটির সময়ে কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে রাখা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে না।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬












Be First to Comment