
রিয়াদ, ২১ মার্চ – সৌদি আরবের পূর্বাঞ্চলে শনিবার ২২টি ড্রোন প্রতিহত করার কথা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, প্রথম দফায় ১০টি এবং পরবর্তীতে একই অঞ্চলে আরও ১২টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরান সম্প্রতি উপসাগরীয় দেশগুলোতে ধারাবাহিকভাবে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ইরান এসব হামলা পরিচালনা করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গত মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এই সংঘাত বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।
বিশেষ করে তেলসমৃদ্ধ দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো এসব ড্রোন হামলার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটার এবং বিশ্বজুড়ে নতুন করে তীব্র জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এ এম/ ২১ মার্চ ২০২৬










