Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার তীব্র নিন্দা আট মুসলিম দেশের – GBTnews Bangla Press "Enter" to skip to content

আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার তীব্র নিন্দা আট মুসলিম দেশের

জেরুজালেম, ১২ মার্চ – পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে মুসল্লিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্দান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত।

বুধবার এক যৌথ বিবৃতিতে এই আটটি আরব ও ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, জেরুজালেমের পুরোনো শহর এবং এর উপাসনালয়গুলোতে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপ পুরোপুরি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত উসকানিমূলক কর্মকাণ্ডেরও নিন্দা জানানো হয়।

তারা স্পষ্ট করেন যে, অধিকৃত জেরুজালেম এবং এর ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো নিয়ন্ত্রণ অধিকার নেই। বিবৃতিতে বলা হয়, আল-আকসা মসজিদের সম্পূর্ণ এলাকা কেবলমাত্র মুসলমানদের জন্য নির্ধারিত।

জর্দানের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জেরুজালেম এনডাউমেন্টস ও আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগই সেখানকার একমাত্র বৈধ কর্তৃপক্ষ। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে অবিলম্বে আল-আকসা মসজিদের গেট খুলে দেওয়া, পুরোনো জেরুজালেম শহরে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মুসল্লিদের মসজিদে যেতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা।

ইসরায়েলের এসব চলমান লঙ্ঘন বন্ধে চাপ প্রয়োগের জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান। ইসরায়েলি বাহিনীর দাবি, ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার ফলে নিরাপত্তাজনিত কারণে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, মুসল্লিদের জন্য মসজিদ টানা বন্ধ রাখার এই নীতি ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও আল-আকসা মসজিদ অবরুদ্ধ রাখার তীব্র নিন্দা জানিয়েছে।

এ এম/ ১২ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.