Press "Enter" to skip to content

মানিকগঞ্জে শীতের সবজিতে বাজার ভরপুর, তবু বেশির ভাগ সবজির দাম ৮০–১০০ টাকা

শীতের সবজি বাজার

মানিকগঞ্জ,২৩ অক্টোবর- মানিকগঞ্জের বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। বাজারে বেগুন, মুলা, আলু, শসা, করলা, শিম ও ফুলকপিসহ বিভিন্ন ধরনের সবজি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। তবে আলু ছাড়া বেশির ভাগ সবজির দামই ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

মানিকগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের সবজি। আলু ছাড়া বেশির ভাগ সবজি কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ও গাজরের দাম কেজিপ্রতি ১৬০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। ফুলকপি প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা এবং শিম প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা রেবেকা সুলতানা (৫৫) বলেন, অফিস বন্ধ থাকায় শুক্রবার বাজার করতে এসেছেন তিনি। বাজারে শীতকালীন সবজিতে ভরপুর থাকলেও আলু ছাড়া প্রায় সবকিছুর দাম বেশি। তাঁর অভিযোগ, এলাকার উৎপাদিত সবজি হওয়া সত্ত্বেও দাম কমছে না। এক কেজি শসা ১০০ টাকা এবং গাজর ও টমেটো ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে। বাজারে কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, বাজারের তুলনায় ভ্যানে সবজির দাম অনেক কম।

অন্যদিকে, বাসস্ট্যান্ড এলাকার কাঁচামাল ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাঁদের দাবি, কিছুটা বেশি দামে বিক্রি না করলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। অনেক সময় সবজি পচে নষ্ট হয়ে যায়। তখন সেই লোকসান পুষিয়ে নেওয়ারও সুযোগ থাকে না।

তবে আড়তদারদের অভিযোগ, তাঁরা পাইকারি পর্যায়ে যে দামে সবজি বিক্রি করেন, খুচরা বিক্রেতারা অনেক ক্ষেত্রে তার দ্বিগুণ দামে বিক্রি করেন। এর ফলে খুচরা বাজারে সবজির দাম বেড়ে যায়।

সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকার সবজি ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, তাঁরা পাইকারি পর্যায়ে প্রতি কেজি বেগুন ৩০ টাকায় বিক্রি করেন। অথচ খুচরা বাজারে সেই বেগুন কিনতে ক্রেতাদের ৮০ টাকা দিতে হচ্ছে। তিনি বলেন, সবজির দাম বেশি থাকলেও কৃষকেরা সেই অনুপাতে লাভ পাচ্ছেন না।

এস এম/ ২৩ অক্টোবর ২০২৬

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.