
ঢাকা, ৫ এপ্রিল – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিমানবন্দরের কার্গো টার্মিনালের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক নিয়ম মেনে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার কড়া নির্দেশ দেন। মন্ত্রী জানান নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণ হয়রানিমুক্ত করা হবে।
একইসঙ্গে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এরপর মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি বোয়িং ৭৮৭ মডেলের বিজি ২০২ ফ্লাইটের কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন তিনি।
পাশাপাশি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতাও পর্যবেক্ষণ করেন। এই পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে ত্রুটির কারণে এই বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল। বর্তমানে বিমানটিকে সচল করার জন্য প্রয়োজনীয় কাজ চলছে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬










