Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
১৮ দিনেই ২০০ কোটি ডলার রেমিট্যান্স, মাস শেষে ৩ বিলিয়ন ছাড়ানোর পূর্বাভাস – GBTnews Bangla Press "Enter" to skip to content

১৮ দিনেই ২০০ কোটি ডলার রেমিট্যান্স, মাস শেষে ৩ বিলিয়ন ছাড়ানোর পূর্বাভাস

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বৈধ পথে দেশে অর্থ প্রেরণের গতি বাড়িয়েছেন প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন ও রমজান ঘিরে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা এখন বেশি করে অর্থ পাঠাচ্ছেন। রেমিট্যান্স প্রবাহের এই চাঙাভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা ৩১৭ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন যা দেশীয় মুদ্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকার সমান। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড এবং এর আগে গত ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান মতে সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৮২ কোটি ডলার।

চলতি অর্থবছরের মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায় জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ ভালো অবস্থানে ছিল। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ১৫৬ কোটি ডলার পাঠিয়েছেন যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। রিজার্ভের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভ ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা মনে করছেন ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় এবং হুন্ডি ব্যবসার প্রভাব কমায় প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.