Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রংপুরে টিসিবির পণ্য বিক্রিতে দীর্ঘ লাইন ও ভোগান্তি – GBTnews Bangla Press "Enter" to skip to content

রংপুরে টিসিবির পণ্য বিক্রিতে দীর্ঘ লাইন ও ভোগান্তি

রংপুর, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মতো রংপুর নগরীতেও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। নগরীর ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে সীমিত সংখ্যক ট্রাক ও বিক্রয় পয়েন্টের কারণে পণ্য সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে এই ট্রাকসেল কার্যক্রম শুরু হয়। ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। টিসিবি সূত্রে জানা গেছে রমজানের বিশেষ প্যাকেজে নিয়মিত পণ্যের সঙ্গে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে এবং প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জন গ্রাহক পণ্য সংগ্রহ করতে পারবেন এবং সেই হিসেবে ১৫টি ট্রাকের মাধ্যমে দৈনিক প্রায় ৬ হাজার মানুষ এই সুবিধা পাচ্ছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। সরেজমিনে দেখা যায় নির্ধারিত স্পটে ট্রাক পৌঁছানোর অনেক আগে থেকেই নিম্ন ও নিম্নমধ্য আয়ের মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকছেন।

অনেকেই সকাল থেকে অপেক্ষা করেও পণ্য পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না, যার ফলে কর্মজীবী মানুষের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে। টিসিবির পণ্য নিতে আসা সাধারণ ক্রেতারা জানান বাজারের বর্তমান পরিস্থিতিতে টিসিবির এই পণ্য তাদের মতো পরিবারের জন্য বড় সহায়তা। এ বিষয়ে টিসিবির রংপুর আঞ্চলিক উপপরিচালক হাবিবুর রহমান জানান সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই পণ্য বিক্রি করা হবে এবং ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও পণ্য কিনতে পারবেন।

তিনি আরও জানান রংপুর সিটি করপোরেশনের আওতায় যাতে নিম্ন আয়ের মানুষ পর্যায়ক্রমে পণ্য সংগ্রহ করতে পারেন সেজন্য প্রতিদিন ভিন্ন ভিন্ন স্পটে ট্রাকসেল পরিচালনা করা হচ্ছে। বর্তমানে রংপুর সিটির ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে ট্রাকসেল পরিচালনার সিদ্ধান্ত রয়েছে এবং পাশাপাশি রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় পাঁচটি পয়েন্টে পণ্য বিক্রি অব্যাহত আছে।

নগরবাসীর দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দীর্ঘ লাইন ও ভোগান্তি তৈরি হচ্ছে, তাই প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে ট্রাকসেল চালু করা হলে দুর্ভোগ অনেকটাই কমবে। রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে টিসিবির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.