Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ভোট পেছাতে ষড়যন্ত্র করছে কয়েকটি দল – GBTnews Bangla Press "Enter" to skip to content

ভোট পেছাতে ষড়যন্ত্র করছে কয়েকটি দল

কক্সবাজার, ০৩ ডিসেম্বর – ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজারের চকরিয়ায় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে। তারা কারা- আপনারা জানেন। কিন্তু আপনারা কি সে সুযোগ দেবেন? বাংলাদেশের মানুষ কি সে সুযোগ দেবে?

তিনি আরও বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে, ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

২০০৮ সালের নির্বাচন ও ওয়ান-ইলেভেন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ওয়ান-ইলেভেনের সরকার কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। সেই নির্বাচনে গণতন্ত্রের বারোটা বাজিয়ে দেওয়া হয়েছিল। গণতন্ত্র ফিরে পেতে ২০২৪ সাল পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে তিনি বলেন, এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়া। এ দেশের জনগণের ঐক্যের প্রতীক তিনি। আজ তিনি অসুস্থ। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার শরীরে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাকে বিদেশে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি, দেশেও চিকিৎসা ঠিকমতো নিতে পারেননি।

তিনি বলেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে খালেদা জিয়াকে একাকিত্বে দিন কাটাতে হয়েছে। এত অত্যাচার সত্ত্বেও তিনি দুঃশাসনের সঙ্গে আপস করেননি, শেখ হাসিনার সঙ্গেও আপস করেননি। গণতন্ত্রের জন্য আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন।

ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনের সভাপতিত্বে পথসভায় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, বিএনপি নেতা এম আবদুর রহিম, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আকতার প্রমুখ বক্তব্য দেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ ডিসেম্বর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.