Press "Enter" to skip to content

হাসিনা পালানোর পর রাসেলস ভাইপার সাপটিও চলে গেছে



ঢাকা, ১৯ মার্চ – বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। একই সঙ্গে রাসেলস ভাইপার সাপটিও চলে গেছে। আপনারা যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির কথা বলেন। আমি যখন এ কথাগুলো শুনি, তখন আমার রাসেলস ভাইপার সাপের কথা মনে হয়। আমি জানি না বিষয়টা এমন কেন।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে ‘বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ: এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা একে অপরের কাছ থেকে শিখি। আমরা একসঙ্গে কাজ করছি। উপদেষ্টা পরিষদ তো পয়সাটয়সা নেয় না। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা রয়েছেন, তারা কেউই টাকার দিকে তাকিয়ে নেই। এই মানুষগুলো এখানে টাকার জন্য আসেননি। আমাদের কাজের সম্পর্ক বেশ স্বচ্ছ। এটাও দুর্নীতি কমার একটি লক্ষণ।

টাকা পাচার নিয়ে  উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আপনারা জানেন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে। এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। তবে, দুর্নীতি শেষ হয়ে যায়নি। শেষ হওয়া বেশ কঠিন। এসব সমস্যা সমাধানে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগগুলো চালুর কারণে দুর্নীতি কমেছে। সামনে আরও কমবে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে—ব্যবসার ক্ষেত্রে কোনো দেশ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এটা মেনে নিয়ে নিজেদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। চ্যালেঞ্জের তুলনায় সামনে সুযোগ অনেক বড়। একসঙ্গে কাজ করতে পারলে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব।

সেমিনারে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ অনেকে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ মার্চ ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.