Press "Enter" to skip to content

‘ধানের শীষ প্রতীক নেই, বিএনপির কারো ভোট দেওয়ার অধিকারও নেই’

নাটোর, ৩১ ডিসেম্বর – নাটোর জেলা তাঁতী লীগের সভাপতি মশিউর রহমান বলেছেন, আমাদের মধ্যে কিছু মোস্তাক চক্র রয়েছে। যারা আমাদের দলের মধ্যে থেকে, আমাদের সাথে ঘুরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সুবিধা নিয়ে, শিমুল এমপির উন্নয়ন সুবিধা নিয়ে তারা এমপি শিমুলের বিরুদ্ধে ভোটে লিপ্ত হয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই আপনারা সতর্ক হয়ে যান। যারা আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগের সুবিধা নেবেন নৌকা প্রতীকে তাকেই ভোট দিতে হবে।

একই সময় সদর উপজেলার কাফুরিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম বিএনপির কারো ভোট দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন।

শুক্রবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তারা এসব কথা বলেন। তাদের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মশিউর রহমান আরও বলেন, যারা নৌকা প্রতীকে ভোট দেবেন না তারা ঘরে বসে থাকবেন। আমি তাদের (নৌকা বিরোধের) উদ্দেশ্যে বলতে চাই- লাফালাফি করে লাভ নেই, চিৎকার দিয়েও লাভ নেই।

তার বক্তব্য শেষে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই- বিএনপি এবার নির্বাচনে আসেনি, ধানের শীষ নামে কোনো প্রতীক নেই, তাই বিএনপির কারো এবার ভোট দেওয়ার অধিকার নেই। আপনারা হাতে চুড়ি পড়ে ঘরে বসে থাকুন। অন্যথায় যদি আপনাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া শুরু হয়, তাহলে বুঝতে পারবেন যে সেই আখেরি দিন চলে এসেছে।

সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, কিছুক্ষণ আগে ভিডিওটা আমার নজরে এসেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ৩১ ডিসেম্বর ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.