Press "Enter" to skip to content

নাটোর-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সিদ্দিক

নাটোর, ২৪ সেপ্টেম্বর – নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নাটোর-৪ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এবং গণবিজ্ঞপ্তি জারি করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। এ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তারা কেউ জমা দেননি।’

তিনি আরও বলেন, ‘১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের প্রার্থীর জমা দেওয়া একমাত্র মনোনয়নপত্রটি বাছাইয়ে টিকে যায়। সর্বশেষে রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার নিয়মানুযায়ী তাকে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন।’

নাটোর-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট আকস্মিকভাবে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১১ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

সূত্র: কালবেলা
আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.