Press "Enter" to skip to content

আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি

ঢাকা, ২১ সেপ্টেম্বর – বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা।’

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এডিসন প্রাইম ভবনে আয়োজিত ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‌‘আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তবু উদ্বৃত্ত তৈরি করতে পারছি না।

সম্পদের যথাযথ হিসাব না রেখে অতিরিক্ত ব্যয় করলে অর্থনীতি শক্তিশালী হবে না। নিজস্ব সক্ষমতার ভিত্তিতে উদ্বৃত্ত তৈরি করেই আমাদের ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে।’

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ‘শুধু নীতিগত সহায়তায় (পলিসি সাপোর্ট) অর্থনীতি এগোয় না। পোশাক খাত ছাড়া অন্য কোনো খাত সে সুযোগ কাজে লাগাতে পারেনি। স্বাধীনতার পূর্বে এ অঞ্চলে বৈশ্বিক শিল্প গড়ে উঠলেও স্বাধীনতার পর সে সুযোগ যথাযথভাবে ব্যবহার করা যায়নি।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিসচিব মো. এমদাদ উল্লাহ মিয়ান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী ও ডিএসসিসিআই-এর সহসভাপতি তাসকিন আহমেদ।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি-বিদেশি উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন।

মেলাটি আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সহযোগিতায় ছিল বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.