Press "Enter" to skip to content

গাজা ইস্যুতে আন্তর্জাতিক আদালত রক্ষায় ইইউর হস্তক্ষেপ চাইল স্পেন ও স্লোভেনিয়া



মাদ্রিদ, ৭ মে – গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও সক্রিয় ভূমিকা দাবি করেছে স্পেন ও স্লোভেনিয়া। বুধবার স্লোভেনিয়া স্পেনের সাথে একাত্মতা প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও জাতিসংঘের স্বাধীনতা রক্ষায় ইইউকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের আহ্বানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্লোভেনিয়া সরকারের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে রবার্ট গোলব বলেন যে এ পর্যন্ত ইউরোপের প্রতিক্রিয়া পরিস্থিতির ভয়াবহতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখনই পদক্ষেপ নিতে হবে কারণ ইউরোপের মৌলিক মূল্যবোধের কোনো মূল্য নির্ধারণ করা যায় না।

আন্তর্জাতিক আদালতগুলোর স্বাধীনতা কোনোভাবেই আপসযোগ্য নয়। তিনি আরও সতর্ক করে বলেন যে আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও আইনের শাসনের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বৈশ্বিক মানবাধিকার কাঠামোর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এর আগে বুধবার পেড্রো সানচেজ ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানান যেন তারা দ্রুত ব্লকিং স্ট্যাটিউট সক্রিয় করে।

তার ভাষায় এর উদ্দেশ্য হবে আন্তর্জাতিক অপরাধ আদালত ও জাতিসংঘের স্বাধীনতা রক্ষা করা এবং গাজায় চলমান গণহত্যা বন্ধে তাদের পদক্ষেপকে সুরক্ষা দেওয়া। এক্সে দেওয়া এক পোস্টে সানচেজ বলেন যে স্পেন নীরব দর্শক হয়ে থাকতে চায় না। যারা আন্তর্জাতিক বিচারব্যবস্থাকে রক্ষা করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ পুরো মানবাধিকার ব্যবস্থাকেই ঝুঁকির মধ্যে ফেলছে।

এই নিপীড়নের মুখে ইউরোপীয় ইউনিয়ন নিষ্ক্রীয় থাকতে পারে না। ব্লকিং স্ট্যাটিউট হলো ইউরোপীয় ইউনিয়নের একটি আইন যার মাধ্যমে ইউরোপীয় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা মানতে নিষেধ করা হয় যেগুলো মার্কিন ভূখণ্ডের বাইরেও প্রয়োগ করার চেষ্টা করা হয়। উল্লেখ্য যে গত বছর ইসরায়েল সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব পদক্ষেপের আওতায় আইসিসির বিচারকরাও লক্ষ্যবস্তুতে পরিণত হন।

এস এম/ ৭ মে ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.