Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর ঘোষণা ওপেনএআইয়ের, শুরু যুক্তরাষ্ট্রে – GBTnews Bangla Press "Enter" to skip to content

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর ঘোষণা ওপেনএআইয়ের, শুরু যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্র, ১০ ফেব্রুয়ারি – কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার বিজ্ঞাপন দেখানোর ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই অভিজ্ঞতার মুখোমুখি হবেন। জানা গেছে, মূলত ফ্রি এবং ‘গো’ প্ল্যানের ব্যবহারকারীদের চ্যাটবট ব্যবহারের সময় বিজ্ঞাপন দেখানো হবে। তবে প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডুকেশন প্ল্যানের সাবস্ক্রাইবাররা বিজ্ঞাপনমুক্ত সুবিধা পাবেন। গো প্ল্যানটি চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া তুলনামূলক সাশ্রয়ী সাবস্ক্রিপশন সেবা।

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত হলে এর উত্তরের নিরপেক্ষতা বজায় থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ওপেনএআই নিশ্চিত করেছে যে, বিজ্ঞাপন কখনোই চ্যাটজিপিটির জেনারেট করা উত্তরে প্রভাব ফেলবে না। এছাড়া ব্যবহারকারীর কথোপকথন বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, মানুষের আস্থা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য। অবশ্য বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক সমালোচনার সুযোগ হাতছাড়া করেনি।

সুপার বোল চলাকালীন প্রচারিত একটি বিজ্ঞাপনে তারা ইঙ্গিত দিয়েছে যে, চ্যাটবটের উত্তরের মাঝে বিজ্ঞাপন ঢুকে গেলে তা ব্যবহারকারীর জন্য কতটা অস্বস্তিকর হতে পারে। এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তিনি প্রতিদ্বন্দ্বীর প্রচারণাকে ‘ভ্রান্তিপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন। ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো মূল উত্তরের সঙ্গে মিশে থাকবে না, বরং আলাদাভাবে স্পষ্টভাবে প্রদর্শিত হবে। ব্যবহারকারীর আগ্রহের ওপর ভিত্তি করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি রান্নার রেসিপি খোঁজেন, তবে তাকে খাবার ডেলিভারি বা মিল কিটের বিজ্ঞাপন দেখানো হতে পারে।

তবে বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা বা কথোপকথনের তথ্য পাবেন না; তারা কেবল সামগ্রিক পরিসংখ্যান যেমন কতজন দেখেছেন বা ক্লিক করেছেন তা জানতে পারবেন। ব্যবহারকারীদের হাতেও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের সুযোগ রাখা হচ্ছে। কে কোন বিজ্ঞাপন দেখেছেন, সেই ইতিহাস দেখা যাবে এবং চাইলে তা মুছে ফেলাও যাবে। এছাড়া ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের এবং স্বাস্থ্য, রাজনীতি বা মানসিক স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে কোনো বিজ্ঞাপন প্রদর্শন করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ওপেনএআই।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.