Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি – GBTnews Bangla Press "Enter" to skip to content

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব তৈরির উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে অবস্থিত গুগল এশিয়া প্যাসিফিকের সদর দফতরে গুগল ও ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছে।

প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গুগল নিউজ ইনিশিয়েটিভ টিমের সঙ্গে। এ সময় গুগল নিউজ পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি আদিল ফারহান; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক আবদুল কাবিল খান উপস্থিত ছিলেন।

দুই পক্ষের আলোচনায় গুগল নিউজের পার্টনারশিপ প্রকল্পের সঙ্গে সেমিনার, ইন্টার্নশিপ ও মাস্টারক্লাস আয়োজনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেএমসি প্রতিনিধিদল উল্লেখ করে, তাদের বিভাগ ইতোমধ্যে পাঠ্যসূচিতে গুগলের সুনির্দিষ্ট এআই টুলস ও ডিজিটাল সাংবাদিকতা–সংশ্লিষ্ট গুগলের নানা রিসোর্স যুক্ত করেছে, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারে।

এ প্রসঙ্গে আফতাব হোসেন বলেন, গণমাধ্যম ও প্রযুক্তির এই সন্ধিক্ষণে গুগল নিউজ ইনিশিয়েটিভের সঙ্গে আমাদের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের কোর্স কারিকুলামে এআই টুলের একীকরণ এটাই প্রমাণ করে যে আমরা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে বদ্ধপরিকর।

এরপর প্রতিনিধিদল ইউটিউবের সঙ্গে আরেকটি বৈঠক করে। বৈঠকে গুগল এশিয়ার প্যাসিফিক হেডকোয়ার্টারের ইউটিউব স্ট্র্যাটেজিক পার্টনারশিপের প্রতিনিধি আবু সালেহ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য ইনকিউবেশন প্রকল্প, কমিউনিটি গাইডলাইনস ও ডিজিটাল সুরক্ষার রিসোর্সগুলোকে মাঠপর্যায়ে পৌঁছে দিতে একটি যৌথ সহযোগিতামূলক উদ্যোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করে।

গুগলের সঙ্গে অংশীদারত্ব প্রসঙ্গে আদিল ফারহান বলেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার এ ধরনের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সাংবাদিকতায় তথ্য যাচাই ও এআই টুলসের মতো বিষয়গুলোতে সচেতনতা বাড়ানোয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে গুগলের যৌথ উদ্যোগ একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি।

উল্লেখ্য, গুগলের উদ্যোগে ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশে শুরু হওয়া ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ কার্যক্রমে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

/এটিএম

সুত্রঃ যমুনা টিভি

More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.