Press "Enter" to skip to content

‘বৈষম্যমূলক’ গ্যাসমূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকে ব্যাহত করবে: এনার্জি কমিশনকে বিডা

বিনিয়োগের উন্নত পরিবেশের পাশাপাশি দেশে অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গ্যাসের ‘বৈষম্যমূলক’ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ— বিডা। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পর বাংলাদেশের প্রতি আগ্রহ দেখিয়েছে প্রচুর বিদেশি বিনিয়োগকারী। তবে গ্যাসের এই মূল্য বৃদ্ধি তাদের মধ্যে নেতিবাচক আবহের ধারণা তৈরি করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এই ইস্যুতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) চিঠি দিয়েছে বিডা। চিঠিতে সংস্থার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য বিইআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেছেন।

তবে বিডা’র পক্ষ থেকে চিঠি পাঠানোর বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ অবগত থাকলেও, সেটি অফিসিয়ালি এখনও তার হাতে পৌঁছায়নি বলে জানিয়েছেন।

জালাল আহমেদ বলেন, বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারিত গ্যাসের মূল্য সংশোধনের সুযোগ নেই। যেহেতু বিডা চেয়ারম্যান অনুরোধ করেছেন, সেটি কিভাবে বিবেচনা করা যায় তা নির্ধারণের জন্য বিষয়টি কমিশনের মিটিংয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি স্টেকহোল্ডারদের মতামত নিয়ে আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিডা চেয়ারম্যান চিঠিতে উল্লেখ করেছেন, গত ১৩ এপ্রিল বিইআরসি নতুন গ্যাসমূল্য নির্ধারণ করে। এতে নতুন বিনিয়োগকারীদের গ্যাসের জন্য ৩৩ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে।

এই বৈষম্য বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। প্রতি ঘনমিটারে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে যাওয়া বেশ প্রভাব ফেলবে বলেও উল্লেখ করা হয়।

চিঠিতে তিনি বলেন, বিনিয়োগকারীরা ইতোমধ্যেই এই সিদ্ধান্তকে অন্যায্য প্রতিযোগীতামূলক বলে মনে করছেন। আমরা মনে করছি, এই সিদ্ধান্তে দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাধাগ্রস্থ হবে। বিডা সরকারের ভর্তুকি হ্রাসের বিষয়ে দ্বিমত পোষণ করছে না, তবে ভর্তুকি হ্রাসের বিষয়টি সার্বজনীন করা যেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বিডা আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সামিট ২০২৫’-এ ৪০টি দেশ থেকে প্রায় ৪৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নিয়েছেন। এই বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের বিদ্যমান সুযোগ-সুবিধা দেখে এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বেশ কয়েকজন বিনিয়োগকারী সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চুক্তি করে বাংলাদেশ বিনিয়োগ প্রতিশ্রুতি প্রদান করেছেন।

বিনিয়োগ সম্মেলনের ঠিক পরপর বিইআরসি বৈষম্যমূলক গ্যাসের মূল্য বৃদ্ধির এ ঘোষণায় বিনিয়োগ আগ্রহীগণের মধ্যে নিঃসন্দেহে একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হবে বলেও মনে করেন বিডা চেয়ারম্যান।

গ্যাসের দাম বৃদ্ধির পরে, বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এবং বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্স (ইউরোচাম) বিইআরসির গ্যাস শুল্ক কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে এফআইসিসিআই জানিয়েছে, সদ্য ঘোষিত মূল্য কাঠামোটি শিল্পের জন্য অনিচ্ছাকৃত বাধা সৃষ্টির কারণ হতে যাচ্ছে।

একটি পৃথক বিবৃতিতে ইউরোচাম জানায়, শিল্প গ্রাহকদের চুক্তিভিত্তিক সময়সীমা ও গ্যাস সংযোগের স্থিতির উপর ভিত্তি করে ভিন্ন শুল্ক ব্যবস্থাটি অজান্তেই বিনিয়োগকারীদের আস্থা ও শিল্প প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে।

/এমএইচআর

সুত্রঃ যমুনা টিভি

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.