
স্প্যানিশ লা লিগায় উড়ন্ত রিয়ালকে মাটিতে নামালো এস্পানিওল। ঘরের মাঠে কাতালান ক্লাবটি রিয়ালকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। যা লা লিগায় কার্লো আনচেলোত্তির শিষ্যদের প্রথম হার।
হার মানলেও ৮ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় এস্পানিওল। এ সময় ডি বক্সের মধ্যে বল পেয়ে খুব কাছ থেকে গোল করেন রাউল ডি টমাস। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এস্পানিওল।
বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাতালানের ক্লাবটি। এ সময় সাবেক বার্সা তারকা আলেইস ভিদাল মাঝ মাঠের একটু সামনে বল পেয়ে রিয়ালের চারজন খেলোয়াড়কে পেছনে ফেলে গোলক্ষক থিবাউট কোর্তোয়াকে একা পেয়ে গোল করেন।
৭১ মিনিটের মাথায় একটি গোল শোধ দেন করিম বেনজেমা। এ সময় বক্সের মধ্যে ঢুকে এস্পানিওলের রক্ষণভাগের খেলোয়াড়দের মাঝখান দিয়ে শট নেন। বল এস্পানিওলের গোলরক্ষক দিয়েগো লোপেজের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।
অবশ্য ৮৪ মিনিটে রিয়ালের ইডেন হ্যাজার্ডও জালের নাগাল পেয়েছিলেন। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তাতে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ অক্টোবর
Facebook Notice for EU!
You need to login to view and post FB Comments!







