Press "Enter" to skip to content

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু


রাজশাহী, ২০ আগস্ট – রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। আর ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দুইজন করে এবং নওগাঁ, মেহেরপুর ও পাবনার একজন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৭৬ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/২০ আগস্ট ২০২১

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.