
ঢাকা, ২৫ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এগুলো অবমুক্ত করেন।
এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে বিশেষ সিলমোহর ব্যবহার করে এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেন। আয়োজনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অবমুক্ত করা এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড বুধবার থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি শুরু হবে। পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরগুলো থেকেও ডাকটিকেট সংগ্রাহক ও সাধারণ গ্রাহকরা এই বিশেষ স্মারকগুলো সংগ্রহ করার সুযোগ পাবেন।
এস এম/ ২৫ মার্চ ২০২৬










