Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ঈদের আগে ১২ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত – GBTnews Bangla Press "Enter" to skip to content

ঈদের আগে ১২ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ঢাকা, ২০ মার্চ – ঈদুল ফিতরের ঠিক আগমুহূর্তে দেশজুড়ে তীব্র বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড়ের পূর্বাভাস থাকায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার চরম বিরূপ আচরণ লক্ষ্য করা গেছে। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সকাল ১০টার দিকে শুরু হওয়া ধূলিঝড় পরবর্তীতে তীব্র দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিতে রূপ নেয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঈদের দিনও সারা দেশে স্বস্তিদায়ক আবহাওয়া থাকার সম্ভাবনা কম। ঈদের দিন দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সক্রিয় থাকায় আবহাওয়ার এই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কিছু স্থানে শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এ এম/ ২০ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.