Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল: ডিপি ওয়ার্ল্ডের চুক্তি প্রক্রিয়ায় আইনি বাধা কাটল – GBTnews Bangla Press "Enter" to skip to content

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল: ডিপি ওয়ার্ল্ডের চুক্তি প্রক্রিয়ায় আইনি বাধা কাটল

চট্টগ্রাম, ১২ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার চুক্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর ফলে এই বিষয়ে হাইকোর্টের রুল খারিজের রায় বহাল থাকল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এই আদেশের কারণে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা অবশিষ্ট রইল না।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের করা ওই লিভ টু আপিলটি খারিজ করে দেন। আদালতে লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক।

আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, আপিল বিভাগ সার্বিক দিক পর্যালোচনা করে লিভ টু আপিলটি খারিজ করেছেন। আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে চুক্তি প্রক্রিয়ার আলোচনায় কোনো আইনের ব্যত্যয় ঘটেনি এবং এর মধ্যে কোনো অস্বচ্ছতাও নেই।

এমনকি রিটকারীদের এই বিষয়ে মামলা করার মতো লোকাস স্ট্যান্ডাই বা আইনি এখতিয়ার নেই বলেও আদালত উল্লেখ করেছেন। এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। পরবর্তীতে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পিপিপি বা সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের আওতায় জিটুজি ভিত্তিতে এই চুক্তিটি এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

এই বিষয়টি প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শ্রমিক ইউনিয়ন প্রতিবাদ জানায়। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন হাইকোর্টে রিট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট একটি রুল জারি করেন।

রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ একটি বিভক্ত রায় প্রদান করেন।

এরপর বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হলে তিনি দীর্ঘ শুনানি শেষে গত ২৯ জানুয়ারি রুলটি খারিজ করে দেন। সেই রায়ের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি রিটকারী পক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছিল যা চূড়ান্তভাবে খারিজ হয়ে গেল।

এ এম/ ১২ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.