Press "Enter" to skip to content

দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে রাজধানী ঢাকা, বাড়বে শীত

ঢাকা, ০৩ জানুয়ারি – দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাজধানী ঢাকাসহ দেশের বড় অংশ আজ দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে উচ্চ আর্দ্রতা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি।

এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ দেশের অন্তত ১৭টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে, যার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৩ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.