Press "Enter" to skip to content

রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন

রাজশাহী, ০৮ জানুয়ারি – রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার সন্ধ্যার পর আগুন লাগার খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে এসেছেন। ব্যবসায়ীরাও যে যার মতো মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোথা থেকে কীভাবে এই আগুনের সূত্রপাত কেউ বলতে পারছেন না। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিণপাশে এ আগুন লেগেছে। এ মার্কেটের দক্ষিণ পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকান রয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বর্তমান অগ্নিকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত সব মিলিয়ে মোট ৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার বিষয়ে এখনও স্পষ্ট বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে মার্কেটটি অগ্নিনির্বাপণের জন্য খুবই ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, আরডিএ মার্কেটের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.