Press "Enter" to skip to content

ঝালকাঠি দুর্ঘটনায় চালকসহ তিনজনকে আসামি করে মামলা

ঝালকাঠি, ২৪ জুলাই – ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনার প্রায় ৩৭ ঘণ্টার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ সময় ওই মামলায় দুর্ঘটনাকবলিত স্মৃতি পরিবহনের বাসচালক মোহসিন, সুপারভাইজার মিজান ও হেলপার আকাশকে আসামি করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত সোয়া ১১টায় সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর মল্লিক বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় এ মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার জানান, বাস দুর্ঘটনার ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা না করায় রোববার রাতে পুলিশ বাদী হয়ে ওই মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, শনিবার (২৩ জুলাই) সকালে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন যাত্রী নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ জুলাই ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.