Press "Enter" to skip to content

একসঙ্গে বাবা-ছেলের যাত্রা, যমুনায় মিলল মরদেহ

জামালপুর, ০২ মে – জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদী থেকে সাবেক এক ইউপি সদস্য ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেন্দুর আটা গ্রামের শহীদ তালুকদারের ছেলে সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪৬) ও তার ছেলে আশিক তালুকদার (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রিপন ছেলে আশিককে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি নিচিন্তপুর ইউনিয়নের চর জজিরা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই বাবা-ছেলে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর সোমবার (১ মে) সন্ধ্যায় যমুনা নদী থেকে রিপন তালুকদারের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে রাতেই মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার চরগিরিশ ইউনিয়নের যমুনা নদী থেকে ছেলে আশিক তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, সোমবার সন্ধ্যায় বাবা ও মঙ্গলবার সকালে ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার আরেকজনের মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০২ মে ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.