Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাইলেন সাংসদ মোকতাদির – GBTnews Bangla Press "Enter" to skip to content

ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাইলেন সাংসদ মোকতাদির

ব্রাহ্মণবাড়িয়া, ১১ মে – ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সাম্প্রতিক সহিংসতা রোধ করতে না পারায় ক্ষমা চেয়ে বলেছেন, ‘যাঁদের কাছে শিষ্টাচার, ভদ্রতা আশা করেছিলাম, যাঁরা আমাদের সভ্য হয়ে ওঠার শিক্ষা দেবেন, তাঁদের লোক যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও পুলিশের সাঁজোয়া যান ভাঙে, এসব দেখে যখন কিছু করতে পারি না, তখন আপনাদের প্রতিনিধি হিসেবে আমি লজ্জাবোধ করি। আমার মাথা নিচু হয়ে আসে। আপনারা আমাকে ক্ষমা করবেন।’

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে পৌরসভার দরিদ্র ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় গত ২৬ থেকে ২৮ মার্চ তিন দিনের সহিংসতা রুখতে না পারায় ক্ষমা চান সাংসদ। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে ৪০০ অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

সাংসদ মোকতাদির চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা কোনো দান নয়। এটি আপনাদের অধিকার। এটি আপনাদের প্রাপ্য। যে প্রাপ্যের বৃহৎ অংশ আমরা (জনপ্রতিনিধি) চুরি করে খাই। গরিব মানুষ পায় না। গরিব মানুষদের কিছু দান-খয়রাত করে আমরা নিজেদের অপরাধ ঢাকতে চাই। আমাদের অপরাধ আমরা ঢাকতে পারব কি না জানি না, আপনারা আমাদের কীভাবে দেখবেন আমরা জানি না, আমি বারবার আপনাদের কাছে ক্ষমা চাই।’

উপকারভোগীদের উদ্দেশে সাংসদ বলেন, ‘আপনারা দরিদ্র অবস্থায় আছেন। আমরা যারা রাষ্ট্র ও দেশ চালাই, তারাও আপনাদের এই অবস্থার জন্য দায়ী। সবার জন্য আমরা অন্ন, বস্ত্র ও শিক্ষার ব্যবস্থা করতে পারিনি, সেটার জন্যও আমরা দায়ী।’

নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম।

সূত্র : প্রথম আলো
এন এ/ ১১ মে

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.