Press "Enter" to skip to content

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহী, ০৮ মে – রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

শনিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক সড়কে বসা ধানের হাটে ঢুকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার ইসরাইল হক (৪৫) এবং একই এলাকার মো. রনি (২০)। ইসরাইল হাটে ধান নিয়ে গিয়েছিলেন। আর রনি ভ্যান চালক। ভ্যানে কৃষকের ধান নিয়ে গিয়েছিলেন। দুজনই ঘটনাস্থলে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে করে বৈদ্যুতিক খাম্বা এবং মাটি কাটা স্কেভেটর বহন করছিল। গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকা থেকেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল।

এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি ধানের হাটে ঢুকে পড়ে।

এতে চাপা পড়ে দুইজন নিহত এবং ১৪ জন আহত হন। ট্রাকটি ব্রেক ফেল করেছিল।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি বলেন, আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হবে।

ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালকও আটক আছেন। তার বিরুদ্ধে মামলা হবে বলে জানান ওসি।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৮ মে

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.