Press "Enter" to skip to content

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে পাওয়া গেল সিদ্ধ টিকটিকি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে খাবার খেতে গিয়ে ভাতের সঙ্গে সিদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর হলের খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

আরেফিন তানভীর নামের ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, দুপুরের খাবার খেতে বসে প্লেটের প্রায় অর্ধেক ভাত খাওয়ার পর সিদ্ধ টিকটিকি দেখতে পান। পরে বিষয়টি ডাইনিং পরিচালকের কাছে জানিয়ে সেখান থেকে চলে যান তিনি।

বিজ্ঞাপন

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁদের প্রশ্ন, প্রতিদিনের খাবার পরিবেশনে প্রয়োজনীয় সতর্কতা ও পরিচ্ছন্নতা কতটা বজায় রাখা হচ্ছে? শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত করতে ডাইনিং ব্যবস্থাপনায় আরও নজরদারি এবং দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ডাইনিং পরিচালক বলেন, ‘রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না বা পরিবেশনের সময় বিষয়টি কারও চোখে পড়েনি।’ অভিযোগ পাওয়ার পরপরই ওই পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে তারা খোঁজ নিয়েছেন। দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রভোস্টের ভাষ্য অনুযায়ী, ডাইনিং পরিচালক ঘটনাটিকে অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি, অভিযোগকারী শিক্ষার্থীকে খাবারের মূল্য ফেরত দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পাত্রের অবশিষ্ট ভাত আর পরিবেশন করা হয়নি।

সুত্রঃ সারাবাংলা.নেট

More from শিক্ষাMore posts in শিক্ষা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.