
ঢাকা, ১৯ মার্চ – ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার আগামী ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমানোর লক্ষ্যে অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। উল্লেখ্য ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছিল গত ১৩ মার্চ থেকে। আজ ২৯ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে।
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপ ব্যবহার করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে হলে প্রথমে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, যাত্রা শুরু এবং গন্তব্যের স্টেশন নির্বাচন করে কাঙ্ক্ষিত ট্রেনের আসন ফাঁকা থাকা সাপেক্ষে টিকিট নিশ্চিত করতে হবে। ভিসা, মাস্টার কার্ড বা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইটিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং যাত্রীর নিবন্ধিত ইমেইলেও টিকিটের একটি কপি পাঠানো হবে। ভ্রমণের আগে যাত্রীদের অবশ্যই ইটিকিটের প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
এস এম/ ১৯ মার্চ ২০২৬










