Press "Enter" to skip to content

মোজতবা খামেনিকে পুতিনের অবিচল সমর্থন, হত্যার হুমকির প্রতিবাদ চীনের

তেহরান, ৯ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অবিচল সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার মোজতবা খামেনিকে দেওয়া এক বার্তায় পুতিন বলেন যে তিনি তেহরানের প্রতি তাদের অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করতে চান। রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

রুশ প্রেসিডেন্ট তার বার্তায় আরও জানান যে এমন একটি সময়ে তিনি এই উচ্চপদে আসীন হয়েছেন যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে। এই দায়িত্ব পালনে নিঃসন্দেহে অসীম সাহস ও আত্মোৎসর্গের প্রয়োজন হবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে দেশটির নিজস্ব ব্যাপার আখ্যা দিয়ে তাকে হত্যা চেষ্টার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান যে ইরান তার সংবিধান মেনেই নতুন নেতাকে বেছে নিয়েছে। নতুন নেতার বিরুদ্ধে ইসরায়েলের হুমকির বিষয়ে তিনি বলেন যে কোনো অজুহাতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো গ্রহণযোগ্য নয়। ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সবার সম্মান জানানো উচিত।

অন্যদিকে গত ৪ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরিকে হত্যার হুমকি দেন। তিনি দাবি করেন যে ইরানের সরকার ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা অব্যাহত রাখতে এবং মুক্ত বিশ্বের প্রতি হুমকি সৃষ্টি করতে নতুন নেতা নিয়োগ দিলে তাকে নির্মূল করা হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না।

এনএন/ ৯ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.